দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলা সদর উপজেলার ৩৯ নম্বর নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ সাহিদা আক্তার সুমনা ২০২৬ সালের বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ও প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত গুণী শিক্ষক প্রতিযোগিতায় বরিশাল বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
২২ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরিশালের বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। পরে ২৪ সেপ্টেম্বর ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের গুণী শিক্ষক প্রতিযোগিতায় অংশ নেন সাহিদা আক্তার সুমনা।
এর আগেও তিনি জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। ২০১৭ সালে তিনি ভোলা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে তিনি সরকারি ব্যবস্থাপনায় গণচীন সফরও করেন।
তার নেতৃত্বে ২০১৮, ২০২২ ও ২০২৬ সালে ৩৯ নম্বর নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়।
সাহিদা আক্তার সুমনা ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সহধর্মিণী। শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতায়ও তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। ২০০০ সালে নারী সাংবাদিক হিসেবে তিনি ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) আয়োজিত প্রাকৃতজন পুরস্কার লাভ করেন। পরবর্তীতে এমএমসির প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে বরিশাল ও খুলনা বিভাগের সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়েছেন তিনি।
ঝালকাঠির আবুল কালাম আজাদ আবু মিয়ার মেয়ে সাহিদা সুমনা বরিশালের ব্রজমোহন কলেজ থেকে সমাজবিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স, বিএড ও সি-ইন-এড ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতার আগে তিনি কিছুদিন গ্রামীণ ব্যাংকের সিনিয়র কর্মকর্তা হিসেবেও কর্মরত ছিলেন।
সাহিদা সুমনা ভোলা শিক্ষা কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত। তার নেতৃত্বে ৩৯ নম্বর নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান ও সার্বিক পরিবেশে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা জানান।
এমএস/